Source: Bayram Yalçın on Pexels.com

খোকা তুই কেমন আছিস,
জানি না তোর খবর,
কতদিন যে দেখিনি তোরে,
মনটা খারাপ জবর।
সেই যে তুই ফেলে গেলি
পাঁচ রাস্তার মোড়ে,
আসছি বলে গেলি চলে,
আর এলি না ওরে!
বলে ছিলি যাবি নিয়ে
দূর কোন ধামে,
তড়িঘড়ি তাই গেলি চলে
টিকিট কাটার নামে।
খোকা তুই আর এলি না,
বসিয়ে গেলি পথে,
আজও সেই পথের ধারে
দাঁড়িয়ে কোনোমতে।
একা এই ভিড়ের মাঝে
একটা মুখই খুঁজি,
রাত্রি হলে সব ভুলে
একটু চোখ বুজি।
পরের দিন আবার সে কাজ,
শুধুই খোঁজাখুঁজি,
তোর অপেক্ষায় পথ চাওয়া,
আর কিছু না বুঝি।
মানুষজন ভিখিরি ভেবে
দেয় পয়সা-কড়ি,
তাতেই আমার যায় চলে,
ফুটপাতে শুয়ে পড়ি।।

.    .    .