Image by FuSuSu . from Pixabay
খোকা থাকে কাছের শহরে
আসেনা আর বাড়ী,
কাজের চাপে মাবাবার সাথে
করেছে যেন আড়ি।
বুড়ো, বুড়ি একাই থাকে
পায়না কাছে তারে,
কতদিন দেখেনি ছেলেরে
আসেনি সে ঘরে।
শেষবার কবে কথা হয়েছিল
মনে নাহি পরে,
পাশের বাড়িতে ফোন এসেছিল
অল্প সময়ের তরে।
ছেলে ওদিকে পেতেছে সংসার
শহরের এক কোণে,
মা বাবাকে পারেনি জানাতে
কাজের চাপের কারণে।
বুড়োবুড়ির যে মন মানেনা
হয়না সবুর আর,
দুজনে মিলে বেড়িয়ে পড়ে
খোকার খোঁজে তার।
বৃদ্ধ, বৃদ্ধা পারেনা হাঁটতে
জরা, বয়সের ভারে,
তবু তারা হাল ছাড়েনা
খুঁজতে ছেলেটারে।
শহরের পথে হঠাৎ করে
বাস ধাক্কার ঠেলায়,
পড়ল মারা বৃদ্ধা সেখানে
রইল পড়ে হেলায়।
হলোনা খোঁজা আর ছেলেরে
অসহায় বুড়ো বাপের,
রইল বসে পথের ধারে
আগলে দেহ স্ত্রীয়ের।
একাকী বৃদ্ধ হারিয়ে সর্বস্ব:
দিশেহারা, মূক যেন,
স্থবির, অনড়, পাথর স্বরূপ
জীবিত লাশ হেন।।